পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, উভয় পক্ষের ব্যাপক হতাহতের দাবি

আফগানিস্তান, ২৭ ফেব্রুয়ারি – আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশে শুক্রবার ভোরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
এই হামলার জবাবে পাকিস্তানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে তাদের অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত হয়েছেন এবং আরও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
যদিও হতাহতের এই সংখ্যা এখনো নিরপেক্ষভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে আফগান তালেবান দাবি করেছে যে তাদের হামলায় পাকিস্তানের ৫০ জন সেনা নিহত হয়েছেন। কাবুল থেকে আফগান সার্ভিস সংবাদদাতার বরাতে বিবিসি এই তথ্য প্রকাশ করেছে।
আফগানিস্তানের তালেবান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে জানিয়েছেন যে আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কিছু পাকিস্তানি সেনাকে আটক করেছে।
এই সংঘাতে ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হলেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন যে পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ৯টি পোস্ট দখলে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান যে অপারেশন গজব লিল হক নামের এই বিশেষ অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং সাঁজোয়া যান বা এপিসি ধ্বংস করা হয়েছে।
এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









