যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হচ্ছে, জানালেন শাহবাজ শরিফ

ইসলামাবাদ, ১৩ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ঐতিহাসিক শান্তিচুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহবাজ শরিফ জানান,
এই শান্তিচুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হবে এবং চুক্তির পরবর্তী কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন যে তারা বর্তমানে শান্তিচুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন।
এই চুক্তিটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সফল আলোচনার জন্য ওয়াশিংটন ও তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মধ্যস্থতায় সহায়তাকারী আঞ্চলিক দেশগুলোকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পাকিস্তান এই সংঘাত নিরসনে মধ্যস্থতা করে আসছিল।
এর আগে ইসলামাবাদের এক বৈঠকে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ১২ জুন যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে হামলা চালায়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে পরিকল্পিত হামলা বন্ধে চুক্তির ইঙ্গিত প্রদান করেন।
এস এম/ ১৩ জুন ২০২৬









