ব্যবসা

দেশের বাজারে কমলো সোনার দাম: প্রতি ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

ঢাকা, ৭ আগস্ট – দেশের বাজারে স্বর্ণালংকারের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দামে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার একদিনেই সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে আজ সকাল ৯টায় এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম এখন ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকায় বিক্রি হবে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২৬৬ টাকায় বিক্রি হচ্ছে।

এস এম/ ৭ আগস্ট ২০২৬


Back to top button