আইন-আদালত

জেআইসিতে তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর

ঢাকা, ৮ আগস্ট – এক-এগারোর সময় তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার দুপুরে ডিজিএফআই সদর দপ্তরে অবস্থিত জেআইসি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, তদন্তের অংশ হিসেবে বিভিন্ন সাক্ষীর বর্ণনায় জানা গেছে যে এক-এগারোর সময় তারেক রহমানকে এই সেলের একটি কামরায় এনে নির্যাতন করা হয়েছিল। চিফ প্রসিকিউটর আরও জানান, আয়নাঘর হিসেবে পরিচিত জেআইসি পরিদর্শনের মাধ্যমে সেখানে বন্দিদের ওপর চালানো নির্মমতার চিত্র কিছুটা অনুভব করা গেছে।

তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত ও তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। বাংলাদেশের কোনো নাগরিক অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পক্ষে মত দেন তিনি।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ যেন বিচারবহির্ভূত হত্যা বা অহেতুক হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন চিফ প্রসিকিউটর।

তিনি মনে করেন, ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেআইসি পরিদর্শনের মাধ্যমে ঘটনাস্থলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং সেখানে থাকা আলামত সম্পর্কে ধারণা নেওয়া হয়েছে যা বিচারের স্বার্থে সহায়ক হবে।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button