আইন-আদালত

সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

ঢাকা, ৩ আগস্ট – পাঁচ কোটি টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। উল্লেখ্য ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে অভিযোগপত্র দাখিল করা হয়।

এতে বলা হয় মতিউর রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সরকারি পদের অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে তিনি এই অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button