ব্যবসা

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় বিশ্ববাজারে কমল তেলের দাম

তেহরান, ৬ আগস্ট – হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার ইতিবাচক অগ্রগতির খবরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে।

বিনিয়োগকারীদের আশা, এই আলোচনা সফল হলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির পথ সুগম হতে পারে। এর ফলে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটে হরমুজ প্রণালিতে পুনরায় স্বাভাবিকভাবে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় অনুযায়ী মধ্যরাতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৮ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সামান্য বাড়লেও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম সামান্য কমে লেনদেন শেষ হয়েছিল।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে গত কয়েক মাসের সংঘাতময় পরিস্থিতির উন্নতি ঘটবে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়ে উঠবে।

এনএন/ ৬ আগস্ট ২০২৬


Back to top button