দক্ষিণ এশিয়া

হোয়াটসঅ্যাপ বর্জন করে উইচ্যাট ব্যবহারের পথে পাকিস্তান সেনাবাহিনী

ইসলামাবাদ, ৫ আগস্ট – সাইবার হামলা, তথ্য ফাঁস এবং মার্কিন নজরদারির আশঙ্কায় বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাসদস্য ও কর্মকর্তাদের অফিশিয়াল যোগাযোগের ক্ষেত্রে মার্কিন মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বর্জন করে চীনের তৈরি উইচ্যাট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট প্রকাশিত এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক বার্তা বিনিময়ে সাইবার ঝুঁকি কমাতে এবং কৌশলগত নিরাপত্তা বাড়াতেই পাকিস্তান সামরিক বাহিনী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরেই সামরিক কর্মকর্তাদের অফিশিয়াল যোগাযোগে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল ইসলামাবাদ।

সেনাবাহিনীর অভ্যন্তরীণ নির্দেশনায় জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য চুরি কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারির ঝুঁকি থেকে যায়। অন্যদিকে চীনের সবচেয়ে জনপ্রিয় সুপার অ্যাপ উইচ্যাট সামরিক অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে অধিক নিরাপদ ও কার্যকর বলে মনে করছে পাকিস্তান সেনাসদর।

এই অ্যাপের মাধ্যমে বার্তা আদান-প্রদান ছাড়াও ভয়েস কল, ভিডিও কল এবং ফাইল শেয়ারিংসহ নানা ডিজিটাল সুবিধা ব্যবহারের সুযোগ রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে কেবল যোগাযোগ মাধ্যম পরিবর্তন নয় বরং পাকিস্তান ও চীনের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের যৌথ সামরিক মহড়া, অস্ত্র ক্রয় এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান অনেক বেড়েছে। এখন সেনাবাহিনীর অফিশিয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে উইচ্যাট বেছে নেওয়ায় দুই দেশের সামরিক সমন্বয় আরও সহজতর হবে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button