দক্ষিণ এশিয়া

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

নয়া দিল্লি, ১৩ জুন – ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন।

শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই গুরুত্বপূর্ণ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর একজন অত্যন্ত জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি খড়গওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির কৃতি শিক্ষার্থী ছিলেন।

১৯৯৭ সালে জেনারেল শঙ্কর রায় চৌধুরী অবসর গ্রহণের পর তিনিই হবেন প্রথম আর্মার্ড কোর অফিসার যিনি ভারতের সেনাপ্রধানের গুরুদায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। প্রায় চার দশকের সুদীর্ঘ সামরিক জীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও ফরমেশনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

তিনি মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট এবং পাটিয়ালাভিত্তিক ৯৮ আর্মার্ড ব্রিগেডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ডিভিশন স্তরের ইউনিফর্ম ফোর্স এবং ২১ স্ট্রাইক কোরের নেতৃত্ব দিয়েছেন।

মাঠ পর্যায়ের অভিযানের পাশাপাশি তিনি দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পশ্চিম সীমান্তে দুটি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা রয়েছে তার।

কৌশলগত বিভিন্ন পদেও তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। এর আগে তিনি সেনা সদর দফতরে অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল ডিসিপ্লিন, সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার হিসেবে কাজ করেছেন।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language