দক্ষিণ এশিয়া

ওমান উপসাগরে ভারতীয় নাবিক হত্যা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জয়শঙ্করের তীব্র প্রতিবাদ

নয়া দিল্লি, ১৩ জুন – ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঘটনার প্রেক্ষিতে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে ভারতের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

জয়শঙ্কর বাণিজ্যিক জাহাজে এ ধরনের প্রাণঘাতী হামলাকে সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি জানান যে মার্কিন নৌবাহিনীর ওই হামলায় ভারতীয়দের প্রাণহানির ঘটনায় দিল্লির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন যে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গত বৃহস্পতিবার ওমান উপকূলে সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনী এই হামলা চালায়। পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন যাদের মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক ছিলেন।

এ ছাড়া জাহাজে দুইজন পাকিস্তানি এবং একজন করে ইউক্রেনীয় ও রুশ নাগরিক ছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি অনুযায়ী ওই জাহাজটি মার্কিন নৌবাহিনীর নির্দেশনা অমান্য করে এবং নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান থেকে তেল পরিবহন করছিল।

উল্লেখ্য যে ইরান কর্তৃক হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করার পর থেকে ওই অঞ্চলে মার্কিন কড়াকড়ি বৃদ্ধি পেয়েছে। সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের এক পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হতো।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language