অনুমতি ছাড়া চীনা পাইলটদের প্রশিক্ষণের অভিযোগে মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি – অনুমতি ছাড়াই চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা জেরাল্ড ব্রাউনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক এই মেজর রানার নামে পরিচিত ছিলেন এবং বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে তাকে আটক করা হয়। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে যে চীনা পাইলটদের প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড স্পাইএঞ্জ ডিভিশনের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি জানান ৬৫ বছর বয়সী ব্রাউন এফ ৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমানের সাবেক প্রশিক্ষক ছিলেন এবং বিমান বাহিনীতে তার কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। অভিযোগ করা হয়েছে যে শপথ ভঙ্গ করে তিনি চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
রোজাভস্কি আরও উল্লেখ করেন যে চীনা সরকার তাদের সামরিক সক্ষমতা আধুনিকীকরণের জন্য মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান এবং সাবেক সদস্যদের দক্ষতা কাজে লাগাচ্ছে এবং এই গ্রেপ্তার একটি সতর্কতা হিসেবে কাজ করবে। কলম্বিয়া জেলার মার্কিন অ্যাটর্নি জিনাইন ফেরিস পিরো স্পষ্ট করে বলেছেন যে ব্রাউন বা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।
বিচার বিভাগের তথ্যমতে ব্রাউন ২৪ বছর ধরে মার্কিন বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং যুদ্ধ মিশনের নেতৃত্ব দেওয়াসহ পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত সংবেদনশীল ইউনিট পরিচালনার দায়িত্বে ছিলেন। ১৯৯৬ সালে বাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি একজন বাণিজ্যিক কার্গো পাইলট হিসেবে কাজ করেন এবং পরবর্তী সময়ে মার্কিন পাইলটদের এফ ২৫ ও এ ১০ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেন।
ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ২০২৩ সালের ডিসেম্বরে চীনা পাইলটদের প্রশিক্ষণের কাজ শুরু করার জন্য চীনে গিয়েছিলেন এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগ পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন। স্টিফেন সু বিন নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার করা চুক্তির বিষয়টি আলোচনায় আসে যিনি ২০১৬ সালে চীনের জন্য সামরিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে চার বছরের কারাদণ্ড পেয়েছিলেন।
বিচার বিভাগ জানিয়েছে ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকটাই যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের সাবেক পাইলট ড্যানিয়েল ডুগানের বিরুদ্ধে আনা অভিযোগের মতো। ডুগানকে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই করছেন।
তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে তিনি চীনের সশস্ত্র বাহিনীকে পাইলট প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন। এদিকে ২০২৪ সালে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে একটি সতর্কবার্তা দিয়েছে।
তারা জানিয়েছে চীন বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যদের নিজেদের পক্ষে কাজ করাতে চাইছে যাতে পশ্চিমা দেশের সামরিক অভিজ্ঞতা ব্যবহার করে নিজেদের শক্তি বাড়াতে পারে।
সতর্কবার্তায় বলা হয় চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে যে তথ্য ও দক্ষতা পাচ্ছে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









