জাতীয়

নতুন সরকারে পরিবর্তন স্বাভাবিক, গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনের বিষয়ে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাঠামোর পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। ড. আহসান এইচ মনসুরকে অব্যাহতি দিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সচিবালয় থেকে বের হওয়ার সময় অর্থমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। এখানেও সেই ধারাবাহিকতায় পরিবর্তন আনা হয়েছে এবং এটি নতুন কিছু নয়। তিনি ইঙ্গিত দেন যে, প্রয়োজনে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হতে পারে। উল্লেখ্য, বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গভর্নর পদে এত দ্রুত পরিবর্তনের বিশেষ কোনো কারণ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অর্থমন্ত্রী জানান, এটি প্রশাসনিক সিদ্ধান্তের অংশ এবং এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। ভবিষ্যতে আরও অনেক জায়গায় পরিবর্তন দেখা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language