ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যুর আশঙ্কা

ঝাড়খণ্ড, ২৪ ফেব্রুয়ারি – ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিচক্র্যাফট সি-৯০ মডেলের বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের মাত্র ২৩ মিনিট পরেই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে যে কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপনের পর সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বারাণসী থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে জানা যায় যে এটি চাতরা জেলার একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন যাদের মধ্যে দুইজন পাইলট, একজন রোগী, রোগীর দুইজন স্বজন, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক ছিলেন।
জানা গেছে একচল্লিশ বছর বয়সি ওই রোগী একটি দুর্ঘটনায় শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়ে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাঁচি থেকে দিল্লি নিয়ে যাওয়ার পথেই এই বিপত্তি ঘটে।
ঘটনার পরপরই জেলা প্রশাসনের তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি এর একটি বিশেষ দলকে সেখানে পাঠানো হচ্ছে।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









