বেলুচিস্তানে পুলিশ চেকপোস্টে বিএলএর হামলা, ৯ সদস্য নিহত

ইসলামাবাদ, ৭ জুলাই – পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। সোমবার সন্ধ্যার পর মাঙ্গি এলাকায় সংঘটিত এই হামলায় ৯ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৫ জনকে অপহরণ করা হয়েছে।
জিয়ারাতের পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুল কুদুস জানান, সশস্ত্র হামলাকারীরা অতর্কিতে চেকপোস্টে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন পুলিশ সদস্য নিহত হন। ঘটনার পর মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি এই আক্রমণকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে দাবি করেন যে হামলাকারীরা বহিঃশক্তির মদতপুষ্ট। নাকভি আরও বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ধরনের সহিংসতা সেই প্রচেষ্টাকে ব্যাহত করতে পারবে না।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২৫ জুন খারান ও মাসটাং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বিএলএর ৮ সদস্য নিহত হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিযানের প্রতিশোধ নিতেই এই সর্বশেষ হামলাটি চালানো হয়েছে।
এস এম/ ৭ জুলাই ২০২৬









