ভারী বৃষ্টিতে মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি: বিপর্যস্ত জনজীবন

মুম্বাই, ৫ জুলাই – টানা ভারী বর্ষণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও এর আশপাশের এলাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার ভোর পর্যন্ত চলা প্রবল বৃষ্টির তীব্রতা সকালে কিছুটা কমলেও আগামী কয়েক ঘণ্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বৃহন্মুম্বাই পৌর করপোরেশন নগরবাসীকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করেছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে করপোরেশনের নির্ধারিত হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএমসির তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন স্থানে ২০০ মিলিমিটারের বেশি এবং কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভিখরোলি পশ্চিমের বিল্ডিং প্রপোজাল অফিস এলাকায় সর্বোচ্চ ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া কোলাবা ও ঠাকুর নগর মিউনিসিপ্যাল স্কুল এলাকাতেও ৩০০ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। মালাবার হিল, কোলাবা, মান্দাভি, পাওয়াই এবং আন্দেরিসহ একাধিক স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে।
শনিবারের প্রবল বর্ষণে মুম্বাইয়ের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক ধসে পড়া এবং গাছ উপড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এতে সড়ক ও রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটে। অবিরাম বৃষ্টির প্রভাব পার্শ্ববর্তী থানে, পালঘর এবং পুনে অঞ্চলেও লক্ষ্য করা গেছে।
বিভিন্ন স্থানে ভূমিধস ও জলাবদ্ধতার কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে যে রবিবারও বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
উপকূলীয় বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং সমুদ্রে জোয়ারের উচ্চতা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ট্রেন চলাচল কিছুটা বিলম্বে হলেও বাস ও মেট্রো পরিষেবা বর্তমানে স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









