১ মার্চ শুরু এইচএসসির ফরম পূরণ, সব বিভাগে বাড়ল ফি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে। ঢাকা শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবার সব বিভাগেই পরীক্ষার ফি বাড়ানো হয়েছে। আগামী ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ।
নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৭৮৫ টাকা। অর্থাৎ বিজ্ঞান বিভাগে ফি বেড়েছে ২১০ টাকা। এর মধ্যে চতুর্থ বিষয়সহ বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং ব্যবহারিকসহ কেন্দ্র ফি ৮৫৫ টাকা।
অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। গত বছর এই ফি ছিল ২ হাজার ২২৫ টাকা। এই দুই বিভাগেও ফি ২১০ টাকা বেড়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা।
বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না। আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং প্রতিষ্ঠানগুলোকে ওই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।
নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









