রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খায়রুল কবির খোকন

নরসিংদী, ২০ ফেব্রুয়ারি – বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের কষ্টে না পড়ে, সেজন্য দল সজাগ রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী যদি পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার বিকেলে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নরসিংদী বড় বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি নরসিংদী বড় বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং পণ্যসামগ্রীর দাম ও মজুদ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। মনিটরিং চলাকালে তিনি ব্যবসায়ীদের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানো এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
বিএনপি নেতা খোকন আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ যাতে শান্তিতে রোজা পালন করতে পারে, সেটাই তাদের চাওয়া। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছেন নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার জন্য, যাতে কেউ সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ না পায়। বাজার পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬








