বলিউড

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে সেলিম খান, মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা

মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার ও সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ হয়ে তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

নব্বই বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতাল ও ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া গেছে যে সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন হেমোরেজ হয়েছে এবং এর ফলে শারীরিক জটিলতা অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে বুধবার তার মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই শুটিং ও যাবতীয় ব্যস্ততা ফেলে হাসপাতালে ছুটে যান সালমান খানসহ পুরো খান পরিবার। পরিবারের অন্য সদস্য আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রীও বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন।

রাতে প্রবীণ এই চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে যান বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবং সেলিম খানের দীর্ঘদিনের কাজের সঙ্গী জাভেদ আখতার।

পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও পারিবারিক একটি সূত্র জানিয়েছে যে চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং প্রয়োজনীয় সব পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দি সিনেমার ইতিহাসে সেলিম খান এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তার জুটি বলিউডে জঞ্জির ও দিওয়ারের মতো কালজয়ী সব ছবির জন্ম দিয়েছিল।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language