গাজীপুর

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সোয়েটার কারখানার শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর, ১৬ ফেব্রুয়ারি – গাজীপুরে বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একটি সোয়েটার কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় মহাসড়কের এক পাশ বন্ধ রেখে মিছিল করায় যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয়। পরবর্তীতে মালিকপক্ষের আশ্বাসে বেলা তিনটার দিকে তারা সড়ক থেকে সরে যান। জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা এলাকার হারিকেন রোডে অবস্থিত উইন্টার উল সোয়েটার লিমিটেড বা দায়ু বাংলাদেশ শাখা ইউনিট ৩ কারখানার শতাধিক শ্রমিকের গত দুই মাসের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকালে তারা কর্মবিরতি দিয়ে মহাসড়কে নেমে আসেন। বিক্ষোভকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির কথা জানান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল আলম শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ না হলেও গতি কমে গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে দুপুরের পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language