দিল্লির আন্দোলনের সমর্থনে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

কলকাতা, ২৩ জুলাই – নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে। দীর্ঘ এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলার পর এবার এর সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে ‘মহা মিছিল সংহতি সভা’ ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন।
তাদের অভিযোগ, দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে স্বৈরাচারবিরোধী ও সরকার পরিবর্তনের দাবি সম্বলিত স্লোগান দেখা যায়। শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম।
তিনি আন্দোলনের সমর্থনে নিজের ফেসবুক পেজে নতুন একটি গানের অংশ প্রকাশ করেছেন। অন্যদিকে মহারাষ্ট্রের আহিল্যানগরে সমাজকর্মী আন্না হাজারে নীরব কর্মসূচি শুরু করেছেন যেখানে স্থানীয় শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। এদিকে ভারতের সংসদ অধিবেশনেও এই ইস্যুটি ব্যাপক উত্তাপ ছড়িয়েছে।
বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলের সদস্যরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রবল হট্টগোল করেন। সংসদের ভেতরে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন যার ফলে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
এস এম/ ২৩ জুলাই ২০২৬









