আইন-আদালত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার তারিখ জানা যাবে আজ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি- রামপুরায় ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময়ে একজন আহত ও দুজন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় কবে হবে, তা আজ জানা যাবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। হাবিবসহ বাকিরা পলাতক। তারা হলেন—খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।

গত ৩ ফেব্রুয়ারি যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। ওইদিন চঞ্চলের খালাস চান আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন, প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তার মক্কেলের কোনো সম্পর্ক নেই। পলাতক চারজনের পক্ষ থেকে যুক্তি তুলে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন নিজের মক্কেলদের নিরপরাধ দাবি করেন। উভয়পক্ষের যুক্তি খণ্ডনের পর ট্রাইব্যুনাল রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে ২৯ জানুয়ারি যুক্তি উপস্থাপন সম্পন্ন করে প্রসিকিউশন। সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ নথিপত্রে পাঁচ আসামির সম্পৃক্ততা স্পষ্ট প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে তাদের সর্বোচ্চ সাজা চাওয়া হয়।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-১ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ৭ আগস্ট ফর্মাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে আমির হোসেন ওঠেন। পুলিশও তার পিছু পিছু যায়। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় এক পুলিশ সদস্য ছয় রাউন্ড গুলি ছোড়ে, এতে তিনি গুরুতর আহত হন। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাদিম ইসলাম ও মায়া ইসলাম।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language