স্টারলিংক অকেজো করতে চীনের নতুন মাইক্রোওয়েভ অস্ত্র, মার্কিন আধিপত্যে চ্যালেঞ্জ

চীন, ১০ ফেব্রুয়ারি – মহাকাশ যুদ্ধের ময়দানে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চীন এবার নিয়ে এসেছে স্টারলিংক কিলার খ্যাত এক বিধ্বংসী মাইক্রোওয়েভ অস্ত্র। সম্প্রতি দেশটির গবেষকরা টিপিজি১০০০সিএস নামক একটি অত্যাধুনিক হাই পাওয়ার মাইক্রোওয়েভ সিস্টেমের সফল উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তিটি মূলত মহাকাশে থাকা নিম্ন কক্ষপথের কৃত্রিম উপগ্রহ বিশেষ করে ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট কনস্টেলেশনকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি করা হয়েছে।
চীনের দাবি অনুযায়ী এটি বিশ্বের প্রথম কমপ্যাক্ট ড্রাইভার সমৃদ্ধ অস্ত্র যা দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার শক্তি নির্গত করতে সক্ষম। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে উত্তর পশ্চিম পারমাণবিক প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন একটি ছোট ড্রাইভার তৈরি করেছেন যা টানা ৬০ সেকেন্ড ধরে ২০ গিগাওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে। পাঁচ টন ওজন এবং চার মিটার দীর্ঘ এই যন্ত্রটি সহজেই ট্রাক বা বিমানে বহন করা সম্ভব। গবেষক দলটির নেতৃত্বে থাকা ওয়াং গ্যাং জানিয়েছেন তাদের এই নতুন সিস্টেমটি একটি সেশনে প্রায় ৩ হাজার উচ্চ শক্তির তরঙ্গ পাঠাতে সক্ষম।
ইতিমধ্যে ২ লাখ বারের বেশি পরীক্ষা চালিয়ে এর স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে এবং এটি আগের যে কোনো মডেলের তুলনায় অনেক বেশি উন্নত। প্রযুক্তিগত দিক থেকে এই মাইক্রোওয়েভ অস্ত্রটি প্রথাগত ক্ষেপণাস্ত্রের মতো কোনো কিছু ধ্বংস না করে বরং শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি ব্যবহার করে লক্ষ্যবস্তুর ইলেকট্রনিক সিস্টেমকে অকেজো করে দেয়। এটি স্যাটেলাইটের অ্যান্টেনা বা ক্ষুদ্র ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে উচ্চ ভোল্টেজ তৈরি করে যার ফলে ইলেকট্রনিক সার্কিট এবং চিপগুলো পুড়ে যায়। সামরিক কৌশলবিদদের মতে তাইওয়ানকে কেন্দ্র করে কোনো সংঘাত সৃষ্টি হলে চীন এই এইচপিএম সিস্টেমকে প্রথম সারির অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষকরা মনে করছেন এই অপ্রথাগত হামলা তাইওয়ানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাকে তাসের ঘরের মতো ধসিয়ে দিতে পারে। চীনের এই নতুন সমর কৌশলে মূলত সিস্টেম ভার্সেস সিস্টেম যুদ্ধের ওপর জোর দেওয়া হয়েছে। ইউএস আর্মি ট্রেডকের সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে চীন বর্তমানে মাল্টি ডোমেইন প্রিসিশন ওয়ারফেয়ার কৌশলে অগ্রসর হচ্ছে। তবে চীনের এই ক্রমবর্ধমান হুমকির মুখে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কোয়ান্টাম সেন্সিংয়ের মতো বিকল্প প্রযুক্তির ওপর জোর দিচ্ছে যা ইলেকট্রনিক হামলা মোকাবিলা করতে পারে।
এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









