এশিয়া

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতাকে ইতিবাচক হিসেবে দেখছে চীন

বেইজিং, ১৫ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হতে যাওয়া দ্বিপাক্ষিক সমঝোতা ও যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে চীন। বেইজিং এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে সংঘাত শুরুর পর থেকেই চীন সব ধরনের বৈরিতা ও যুদ্ধাবসান, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং আলোচনায় ফিরে আসার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। ফলে এই সমঝোতা চুক্তি বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ।

তবে চুক্তিকে স্বাগত জানালেও বেইজিং এখনই অতি উৎসাহী না হয়ে বেশ সতর্কতা বজায় রাখছে। বিশ্লেষকরা বলছেন যে চুক্তির অনেক খুঁটিনাটি বিষয় এখনো অস্পষ্ট এবং বেশ কিছু বিষয়ে মতপার্থক্য নিরসন করা এখনো বাকি।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর এর প্রযুক্তিগত ও কৌশলগত বিষয়গুলো চূড়ান্ত করতে আরও ৬০ দিন সময় লাগবে। চীনের কাছে এটি একটি আশাব্যঞ্জক শুরু হলেও একে এখনই সংকটের চূড়ান্ত সমাপ্তি বলা যাচ্ছে না।

এছাড়া এই চুক্তির ফলে বিশ্ব রাজনীতিতে চীনের দীর্ঘমেয়াদী কৌশলে বড় কোনো পরিবর্তন আসছে না। বেইজিং এই নতুন কূটনৈতিক পথকে সাধুবাদ জানালেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজের জ্বালানি নির্ভরতা কমিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে তা থেকে চীন পিছু হটবে না।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘ ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর গত রবিবার যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language