যুক্তরাজ্যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের, তীব্র নিন্দা জানাল এনসিপি

ঢাকা, ২১ জুন – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যুক্তরাজ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্যসচিব মো. এম এ হিমেল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিটি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে থানায় মামলা করা হয়েছে।
এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে এনসিপি মনে করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে।
হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে যে, অতীতেও এ ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এবারও তারা সফল হবে না।
এনএন/ ২১ জুন ২০২৬









