এশিয়া

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা

জাকার্তা, ১৬ জুন – ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে স্থানীয় সময় অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে যে স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় এর তীব্রতা তুলনামূলক বেশি ছিল। যদিও শক্তিশালী এই কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে যে কম্পনের পর সাগরে কোনো জলোচ্ছ্বাস বা সুনামির আশঙ্কা নেই। তবে উপকূলীয় এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language