এশিয়া

এআই অর্থনীতি গড়তে চীনের উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, বাতিল ১২ হাজার ডিগ্রি

বেইজিং, ১৭ জুন – কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে চীন। প্রযুক্তিনির্ভর শিক্ষাকে প্রাধান্য দিতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো কলা, মানবিক ও ভাষাবিষয়ক প্রায় ১২ হাজার পুরোনো ডিগ্রি কোর্স বাতিল করেছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর এই পদক্ষেপে দেশটির প্রায় এক তৃতীয়াংশ পাঠ্যক্রম প্রভাবিত হয়েছে।

একই সঙ্গে ২০২৫ সালের মধ্যে ১০ হাজার ২০০টি নতুন স্নাতক ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত এমবডিড ইন্টেলিজেন্সের মতো আধুনিক বিষয়গুলোকে বেইজিংয়ের অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে রাখা হয়েছে।

সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে পণ্য নকশা বা প্রোডাক্ট ডিজাইনের মতো খাতে কর্মসংস্থানের ধরনে বড় পরিবর্তন এসেছে। এখন অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। শুধু চীন নয়, বিশ্বজুড়েই শিক্ষাক্রম পুনর্গঠনের এমন প্রবণতা দেখা যাচ্ছে।

ভারত তাদের বিদ্যালয় পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা যুক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাজাখস্তানও একই পথে হাঁটছে। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন ও যুক্তরাজ্য এআই বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নতুন শিক্ষাগত যোগ্যতা চালুর কাজ শুরু করেছে। যুক্তরাজ্যের জাতীয় শিক্ষাক্রমের বড় পরিবর্তন ২০২৮ সাল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language