বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অসুস্থ বৃদ্ধাকে হেলিকপ্টারে উদ্ধার করল সেনাবাহিনী

বান্দরবান, ২১ জুন – বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে স্ট্রোকে আক্রান্ত এক বৃদ্ধাকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রামকিল বম নামের ৭৪ বছর বয়সী ওই বৃদ্ধাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সকালে দুর্গম এলাকায় বসবাসরত রামকিল বম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। ওই দুর্গম পাহাড়ি অঞ্চলে যাতায়াত ও প্রয়োজনীয় চিকিৎসার কোনো সুযোগ না থাকায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা প্রদানের প্রয়োজনীয়তা দেখা দেয়।
খবর পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।
বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার বিকেলে ওই দুর্গম এলাকায় পৌঁছায়। সেখান থেকে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রামে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও যেকোনো জরুরি মানবিক সহায়তায় সেনাবাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। এই উদ্ধার অভিযান তারই একটি ধারাবাহিক অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
এনএন/ ২১ জুন ২০২৬









