জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা ইইউ প্রধান পর্যবেক্ষকের

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশার কথা জানান।

ইভার্স ইজাবস উল্লেখ করেন যে সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে এবং গণতন্ত্র ও রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতার ভিত্তিতেই তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান পর্যবেক্ষক জানান যে মিশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী ও পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং কিছু এলাকা ঝুঁকিপূর্ণ মনে হলেও সামগ্রিকভাবে পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করাকে তিনি অত্যন্ত জরুরি বলে অভিহিত করেন।

দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইতিমধ্যেই মাঠপর্যায়ে কাজ করছেন এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইভার্স ইজাবস জানান যে আগামী ১৪ ফেব্রুয়ারি ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। নির্বাচন শেষে প্রায় দুই মাস পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে যেখানে বিভিন্ন সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।

মঙ্গলবার দেশজুড়ে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে যারা ৬৪টি জেলায় নির্বাচনের দিন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পূর্ণ সক্ষমতায় এই মিশনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র ছাড়াও কানাডা ও নরওয়েসহ ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক থাকবেন।

এই মিশনের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি ইউরোপীয় ইউনিয়নের অঙ্গীকার প্রকাশ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language