মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ২, যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা তুঙ্গে

গাজা, ২৪ আগস্ট – যুদ্ধবিরতি চলাকালেও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাত ফিলিস্তিনি। ইসরায়েল অভিযোগ করেছে যে গাজা থেকে ড্রোন, ঘুড়ি ও অগ্নিসংযোগকারী বেলুন পাঠানো হচ্ছে।

এর জবাবে গাজায় হামলার তীব্রতা আরও বাড়ানোর হুমকি দিয়েছে দেশটি। রবিবার গাজার জাওয়াইদা এলাকার একটি আবাসিক ভবন এবং নিকটবর্তী নুসেইরাত শরণার্থীশিবিরে এই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে চার বছর বয়সী শিশু মোহাম্মদ আবদেল-সালাম তাহা গুরুতর আহত হয় এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে। এর আগে দেইর আল-বালাহ শহরে হামাসের এক ঊর্ধ্বতন নেতাকে হত্যার দাবি করে তারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, গাজা থেকে উড়ন্ত বস্তু পাঠানো বন্ধ না হলে বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে হামলা আরও জোরদার করা হবে।

তবে হামাস নেতা বাসেম নাইম এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, শিশুরা ধ্বংসস্তূপের মধ্যে খেলাধুলার অংশ হিসেবে ঘুড়ি ওড়াচ্ছে। তথ্যমতে, চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে নতুন করে ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

এস এম/ ২৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language