ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কঠোরতম নিষেধাজ্ঞার প্রস্তুতি

তেহরান, ২৪ আগস্ট – ইরানের অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত হানতে নজিরবিহীন ও কঠোর নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের বিরুদ্ধে এই ব্যবস্থা কার্যকর করার প্রস্তুতি সম্পন্ন করেছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, কোনো প্রতিপক্ষ রাষ্ট্রের বিরুদ্ধে এটিই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক আক্রমণ।
গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বেসেন্ট জানিয়েছিলেন, ইরানের অর্থনীতিকে পুরোপুরি অচল করে দিতেই এই সর্বোচ্চ মাত্রার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। শুধু তাই নয়, ইরানের সঙ্গে যেসব দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তাদের ওপরও চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে সেসব দেশকেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতে পারে। মূলত মিত্র দেশগুলোকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এক ধরনের আল্টিমেটাম দেওয়া হচ্ছে।
এই অবরোধ সফল করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানা গেছে। বিশেষ করে ইরানের বিভিন্ন বন্দর দিয়ে পণ্য পরিবহন এবং অর্থনৈতিক কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করা হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞার আওতা কতটুকু হবে বা কোন কোন প্রতিষ্ঠান এর কবলে পড়বে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যে ইরানের বর্তমান সরকারকে দুর্বল করার ইঙ্গিতও পাওয়া গেছে। যদিও এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে সরকার পরিবর্তন তাদের যুদ্ধের প্রধান লক্ষ্য নয়, তবে বেসেন্টের সাম্প্রতিক মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য কি শুধুই নীতি পরিবর্তন নাকি শাসনব্যবস্থার পতন ঘটানো।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এমন হুমকির মুখে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যেকোনো অর্থনৈতিক যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তাদের দাবি, ইরানের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা অসম্ভব কিছু নয়।
এনএন/ ২৪ আগস্ট ২০২৬









