দক্ষিণ এশিয়া

মহারাষ্ট্রে হাসপাতালে অগ্নিকাণ্ড: ৩ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

নয়াদিল্লি, ২৪ আগস্ট – ভারতের মহারাষ্ট্র রাজ্যের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন তিন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে বা এসএনসিইউতে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালটির তিন তলার একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো কেয়ার ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সময় ওই বিশেষ ইউনিটে মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।

আগুনের খবর পাওয়ার পরপরই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা দ্রুত সেখানে উপস্থিত হন। তারা প্রাণের ঝুঁকি নিয়ে একে একে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং আগুনে গুরুতর দগ্ধ হয়ে তিন নবজাতক ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত আরও ছয় শিশুকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে কয়েক ডজন নবজাতক বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ভেন্টিলেটর বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হলেও পুরো ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

এনএন/ ২৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language