ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে

ফেনী, ২৪ আগস্ট – ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় পড়া শুরু হয়।
এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহানের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ। এর আগে গত ২০ আগস্ট হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য আজকের দিনটি নির্ধারণ করেন।
নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স ও আপিলের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন।
এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলা তুলে না নেওয়ায় ওই বছরের ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এই ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী থানায় একটি মামলা করেন যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এস এম/ ২৪ আগস্ট ২০২৬









