জাতীয়

বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের উপস্থিতি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ৩৮টি দেশের বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই ইশতেহার ঘোষণা করেন।

দলীয় ইশতেহারে বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে, সে বিষয়ে কূটনীতিকদের বিশেষ আগ্রহ লক্ষ করা গেছে। দলীয় সূত্র নিশ্চিত করেছে যে অনুষ্ঠানে মোট ৩৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্যসহ প্রভাবশালী বিভিন্ন দেশের কূটনীতিকরা এই অনুষ্ঠানে যোগ দেন।

কূটনীতিকদের পাশাপাশি অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানসহ প্রায় ৬০ জন জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহর মতো প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও অনুষ্ঠানে অংশ নেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language