জাতীয়

তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ৩১ মে – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন, নাগরিক সমাজ এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। রাষ্ট্রপতি বলেন, তামাক চাষ এবং এর ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটি ক্যানসার, হৃদরোগ এবং স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়।

বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে যা জাতীয় উন্নয়নের পথে বড় বাধা। তিনি আরও উল্লেখ করেন যে, তামাকজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর চটকদার প্রচারণার ফাঁদে পড়ে তরুণ সমাজ ধুমপানে আসক্ত হচ্ছে।

এই আসক্তি পরবর্তীতে তাদের মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপর তিনি গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি তার বাণীতে তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন।

তিনি বলেন, তামাকের ব্যবহার কমিয়ে আনতে সরকার সংশোধিত আইন প্রণয়ন করেছে। এই আইনের সঠিক বাস্তবায়ন নারী ও শিশুদের সুরক্ষা দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত সব বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language