ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

রাজবাড়ী, ৩১ মে – দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন,
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতার প্রদর্শিত পথে দেশ পরিচালনা করছেন। নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানসহ খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী চালুর বিষয়টিও কার্যকর করা হচ্ছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতের দিকে না তাকিয়ে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দল ক্ষমতায় থাকলেও ঘরে বসে স্বপ্ন দেখলে চলবে না বরং প্রতিটি গ্রামে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সকল ভেদাভেদ ভুলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
এলাকার মাদকের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সভায় জেলা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু ও সদস্য এ মজিদ বিশ্বাস।
আলোচনা সভা শেষে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এস এম/ ৩১ মে ২০২৬









