মাদারীপুর

রাজৈরে ছাত্রদল নেতার ফাঁসির রায় ও মামলা বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুর, ৫ ফেব্রুয়ারি – মাদারীপুরের রাজৈরে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা ও বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এই কর্মসূচি পালন করা হয়।

এতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন দণ্ডপ্রাপ্ত রাজিব হাওলাদারের ভাই সজিব হাওলাদার, কেন্দ্রীয় শ্রমিক শক্তির সদস্য জাবের হাওলাদার, উপজেলা বিএনপি নেতা বাবু হাওলাদার, মান্নান হাওলাদার, ওবায়দুর রহমান বাঘা, খালিয়া ইউপি সদস্য সাগর মিয়া ও যুবদল নেতা খায়ের হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন যে রাজিব হাওলাদার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করেছে। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা প্রভাব খাটিয়ে একটি শিশু হত্যা মামলায় রাজিবের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করিয়েছেন বলে তারা দাবি করেন। বক্তারা বলেন নির্দোষ হয়েও মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে রাজিবকে পলাতক জীবন কাটাতে হচ্ছে। তাই দ্রুত এই রায় বাতিল করে তাকে মামলা থেকে অব্যাহতির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। মামলার নথি থেকে জানা যায় ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর ভোরে রাজৈর উপজেলার সেনদিয়া জামে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আদুরী।

এ ঘটনায় আদুরীর বাবা টুকু সরদার বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে মসজিদের ইমাম শফিকুল ইসলামকে গ্রেফতার করা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১৮ সালের পহেলা অক্টোবর মাদারীপুর সিআইডি পরিদর্শক সাইদ হাসান হাফিজ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ২৯ নভেম্বর তৎকালীন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন এবং একজনকে খালাস প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকার রাজীব হাওলাদার, কোদালিয়া বাজিতপুরের রিমন হোসাইন এবং পিরোজপুর জেলার শফিকুল ইসলাম মোল্লা। রায়ের সময় রিমন হোসাইন আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

এসএএস/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language