জাতীয়

মৌলভীবাজারের একমাত্র নারী প্রার্থী সাদিয়ার ব্যতিক্রমী প্রচারণা

মৌলভীবাজার, ৪ ফেব্রুয়ারি – হাতে প্রচারপত্র নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। কখনও পায়ে হেঁটে আবার কখনও অটোরিকশায় চড়ে তিনি কুলাউড়া উপজেলার চা বাগান ও হাট বাজারে গণসংযোগ চালাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনের মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী।

মৌলভীবাজার ২ আসনে বাসদ (মার্ক্সবাদী) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে লড়ছেন তিনি। সাদিয়া নোশিনের বাড়ি কুলাউড়ার লস্করপুর এলাকায়। গতানুগতিক শোডাউন বা জাঁকজমকপূর্ণ প্রচারণার বদলে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলাকেই গুরুত্ব দিচ্ছেন। চা বাগান, দোকান ও হাটে গিয়ে তিনি কথা বলছেন মানুষের দৈনন্দিন সমস্যা ও অধিকার নিয়ে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী এই আসনে তিনিসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। সিলেটের এমসি কলেজে পড়ার সময় থেকেই রাজনীতিতে হাতেখড়ি সাদিয়ার। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি বাসদের কেন্দ্রীয় নারী সংগঠনের দফতর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

প্রচারণাকালে তিনি চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির অধিকার, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিচ্ছেন। তিনি অভিযোগ করেন যে নাগরিক হয়েও চা শ্রমিক ও আদিবাসীরা ভূমির অধিকার থেকে বঞ্চিত। সাদিয়া নোশিন জানান জয় বা পরাজয় মূখ্য নয় বরং মানুষের অধিকারের কথা তুলে ধরাই তার রাজনীতির মূল লক্ষ্য। তার এই ভিন্নধর্মী প্রচারণা ভোটারদের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language