আজ পবিত্র শবে বরাত

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – আজ মঙ্গলবার সারাদেশে ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে রাতে মসজিদে মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। এই রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।
পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।
বাণীতে প্রধান উপদেষ্টা শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে তিনি শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা যায়। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করলে আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত লাভ করা সম্ভব।
এই রাতে বাসাবাড়ির পাশাপাশি বিভিন্ন মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজন রাখা হয়েছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও চ্যানেলগুলো এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।
এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে সময় কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতও করা হবে।
এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬









