ক্রিপ্টোকারেন্সির লেনদেন ও কেনাবেচায় নিষেধাজ্ঞা বহাল রাখল বাংলাদেশ ব্যাংক

ঢাকা,৩১ অক্টোবর-দেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন, কেনাবেচা, বিনিময় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা করারও সুযোগ নেই।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং গ্রাহকের হিসাবের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির লেনদেন বন্ধে নজরদারি বাড়াতে বলা হয়েছে। এই নির্দেশনা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক বিনিময় হার ও প্রতিবেদন জমা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর লেনদেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ) ব্যবস্থায় অর্থ পরিশোধ ও নিষ্পত্তি, বৈদেশিক মুদ্রার হিসাব, ওপেন পজিশন (ব্যাংকের কাছে ডলার ধরে রাখা বিদ্যমান বৈদেশিক মুদ্রা) সীমা, নস্ট্রো হিসাবের সমন্বয়, ফরওয়ার্ড লেনদেন, সোয়াপ এবং আমদানি বাণিজ্যে পণ্যের মূল্যের ঝুঁকি কমাতে হেজিংসংক্রান্ত নির্দেশনা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমের সমন্বিত নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর ও লেনদেনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও এতে যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক পরিপত্রে জানায়, ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রা অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে, বাংলাদেশে বা বাংলাদেশের ভেতরে কোনো লেনদেন অনুমোদিত নয়। পরে ২০২২ সালের ১২ অক্টোবর ব্যাংকগুলোকে এ ধরনের লেনদেন প্রতিরোধ এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ভার্চুয়াল মুদ্রার কোনো স্বীকৃতি নেই। এসব সম্পদের বিপরীতে কোনো সার্বভৌম রাষ্ট্রের নিশ্চয়তাও নেই। ফলে এসব মুদ্রার মূল্য দ্রুত ওঠানামা করতে পারে এবং বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়তে পারেন।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কিংবা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার নিষিদ্ধ হলেও অনলাইনভিত্তিক এই মুদ্রার ব্যবহার বেড়েই চলেছে। আন্তর্জাতিক ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেনালাইসিস সম্প্রতি ১১৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রবণতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
‘দ্য ২০২৬ জিওগ্রাফি অব ক্রিপ্টো রিপোর্ট’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর তৃণমূল পর্যায়ে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে ৫৬তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ষষ্ঠ, পাকিস্তান ২৫তম এবং শ্রীলঙ্কা ৮২তম অবস্থানে রয়েছে।
এস এম/ ৩১ অক্টোবর ২০২৬







