অপরাধ

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে ৯৫টি ককটেল ও অস্ত্রসহ আটক ৩

শরীয়তপুর, ২ ফেব্রুয়ারি – শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৯৫টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন পোড়াগাছা এলাকার নাসির উদ্দিন বাচ্চু পেদা এবং তার দুই সহযোগী মেহেদী হাসান পেদা ও রনি পেদা। নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত প্রায় ১টা ৫৫ মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত পোড়াগাছা এলাকার বেপারীকান্দি গ্রামে এই অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের সময় নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতঘর তল্লাশি করে প্রথমে চার বালতি ককটেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক বাচ্চু পেদার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পার্শ্ববর্তী একটি মসজিদ সংলগ্ন কক্ষ এবং অপর একটি ঘর থেকে আরও ককটেল পাওয়া যায়। সর্বমোট ৯৫টি ককটেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও ঘটনাস্থল থেকে আটটি টেঁটা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক তিনজনকে সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাহার মিয়া জানিয়েছেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

এস এ এস/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language