মধ্যপ্রাচ্য

জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু

জেরুজালেম, ২৫ জানুয়ারি – গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় দুই শিশু নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) গাজার চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে জ্বালানি কাঠ সংগ্রহকারী বেসামরিক লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ঘটনাস্থলেই দুই শিশু নিহত হন।

অবরুদ্ধ গাজায় তীব্র জ্বালানি সংকটের কারণে ঠান্ডা মোকাবিলার জন্য অনেক ফিলিস্তিনি শিশু ও বয়স্করা জ্বালানি কাঠ সংগ্রহে বের হচ্ছেন। রাতের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক। অস্থায়ী তাঁবু ও প্লাস্টিকের আশ্রয়কেন্দ্র প্রবল বাতাস ও বৃষ্টির হাত থেকে সুরক্ষা দিতে পারছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল তা প্রায় প্রতিদিন লঙ্ঘন করেছে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছেন। চলতি শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে শিশু মৃত্যুর সংখ্যা ১০ জনে পৌঁছেছে। সর্বশেষ তিন মাস বয়সী আলী আবু জুর আল-আকসা শহীদ হাসপাতালে মারা গেছেন।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language