দক্ষিণ এশিয়া

উত্তর ওয়াজিরস্তানে অভিযানে ৪ কমান্ডারসহ ৯ সন্ত্রাসী নিহত

৪ কমান্ডারসহ ৯ সন্ত্রাসী নিহত

ইসলামাবাদ, ০৮ অক্টোবর-পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরস্তানে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা-ভিত্তিক অভিযানে চারজন শীর্ষ কমান্ডারসহ নয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানা ধ্বংস করার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের পালংজাই, নাদিম কোট ও কোট খিজরি এলাকায় এসব অভিযান চালানো হয়।

নিহত চার শীর্ষ কমান্ডার হলেন খালিদ রাজা, কামরান, মুসা ও মাফতুম। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক আস্তানা ধ্বংস করে এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

উত্তর ওয়াজিরস্তানে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নয়জন সন্ত্রাসীকে নির্মূলের অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শাহবাজ শরিফ বলেন, নিরাপত্তা বাহিনীর পেশাদারত্ব ও দৃঢ় সংকল্প সন্ত্রাসবাদ নির্মূল এবং দেশে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অঙ্গীকারের প্রতিফলন। সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে কিংবা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।

এস এম/ ০৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language