মাদারীপুর

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত

মাদারীপুর, ১৮ জানুয়ারি – মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে গেলে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি বাস ঘটকচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয় এবং পরে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। এ সময় ঢাকা–বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language