দক্ষিণ এশিয়া

জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে পাকিস্তানে ১৪ জন নিহত

ইসলামাবাদ, ১৭ জানুয়ারি – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধা এলাকায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা। জিও টিভি এই খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, ট্রাকটিতে থাকা যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

শনিবার ভোরে সরগোধা শহরের কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে পৌঁছালে ঘন কুয়াশার মধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

পরে হতাহতদের উদ্ধার করে কাছাকাছি টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, বর্তমানে পাঞ্জাব প্রদেশজুড়ে ঘন কুয়াশা বিরাজ করছে। চলতি সপ্তাহের শুরুতে কুয়াশার কারণে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এলাকাতেও একই ধরনের দুর্ঘটনা ঘটে। সেখানে ইন্দাস মহাসড়কের তাউন্সা শরিফ সীমান্তবর্তী বাস্তি দাওয়ানা এলাকায় চিনিবাহী একটি ট্রেইলার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হন এবং অন্তত ১৪ জন আহত হন।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language