জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

টোকিও, ০৬ জানুয়ারি – জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে এএফপি ও এবিসি নিউজ।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের শিমানে প্রিফেকচার ও পার্শ্ববর্তী টোটোরি প্রিফেকচার এলাকা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আনুমানিক ৬ মাইল।
প্রথম কম্পনের কিছু সময় পরই আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এ ছাড়া একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে।
এখন পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির আশঙ্কাও নেই। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।
উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি।
প্রায় ১২৫ মিলিয়ন মানুষের বসবাস এই দ্বীপদেশে, যেখানে প্রতিবছর গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যার বেশিরভাগই স্বল্পমাত্রার।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









