পঞ্চগড়

টানা ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়, ০১ ডিসেম্বর – দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় টানা ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে এই জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। আজ সোমবারও জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল শনিবার এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রবিবার ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত সোমবার (২৮ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি, আগের দিন মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলা রোদের দেখা মিললেও কমছে না শীতের দাপট। সারা দিন ঠাণ্ডা আবহাওয়া থাকলেও বিকেলে শীত আরো বেশি অনুভূত হয়।

অন্যদিকে শীত বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, টানা ৬ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ ছিল। এই জেলায় শীত আরো বাড়বে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০১ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language