দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ২ আগস্ট – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশও আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
ঢাকার আবহাওয়া বার্তায় বলা হয়েছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এনএন/ ২ আগস্ট ২০২৬









