দক্ষিণ আমেরিকা

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর মর্মান্তিক মৃত্যু

লিমা, ২ আগস্ট – দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানে থাকা ১৩ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। জনপ্রিয় পর্যটন এলাকা নাজকা লাইনস পরিদর্শনের সময় ছোট এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন। নিহতদের অধিকাংশই পর্যটক যারা বিখ্যাত নাজকা লাইনস দেখতে আকাশপথে ভ্রমণ করছিলেন। এটি মাটিতে খোদাই করা বিশাল ভূ চিত্র নিয়ে গঠিত একাধিক প্রত্নতাত্ত্বিক স্থানের সমষ্টি।

দুর্ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানিয়েছেন, ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোনো ধরনের উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। বিমানটি ইকা বিভাগের পিসকো থেকে যাত্রা শুরু করেছিল বলে জানা গেছে।

পেরু একটি পর্যটননির্ভর দেশ হিসেবে পরিচিত। দেশটির ঐতিহাসিক মাচু পিচু এবং কুস্কোর পাথরের দেয়াল দেখতে প্রতিবছর লাখো মানুষ ভিড় করেন। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৪১ লাখ পর্যটক ভ্রমণ করেছেন বলে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে।

নাজকা লাইনস এলাকাটি পেরুর দক্ষিণ উপকূলীয় মরুভূমিতে আন্দিজ পর্বতমালার কাছে অবস্থিত। ইউনেস্কো এই স্থানটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। প্রায় দুই হাজার বছর আগে নির্মিত এই জিওগ্লিফগুলোতে বিভিন্ন প্রাণী এবং জ্যামিতিক নকশা খোদাই করা রয়েছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে আকাশ থেকে এই বিশাল চিত্রগুলো আরও স্পষ্টভাবে দেখা যায় বলে পর্যটকরা ছোট বিমানে করে এলাকাটি পরিদর্শন করেন।

এনএন/ ২ আগস্ট ২০২৬


Back to top button