মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল

তেহরান, ২ আগস্ট – ইরানে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ প্রস্তুত রেখেছে ইসরায়েল। মার্কিন হামলার পর ইরান পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে পারে এমন আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে তুরস্কের বার্তাসংস্থা টিআরটি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানে কঠোর হামলার কঠোর হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন যে তারা ইরানে এমনভাবে আক্রমণ চালাবেন যাতে দেশটি আর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা না রাখে।

ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলি সামরিক কমান্ডাররা ধারণা করছেন ট্রাম্প যেকোনো মুহূর্তে ইরানের প্রধান জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার নির্দেশ দিতে পারেন। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালালে ইরানও পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েলকে টার্গেট করবে।

ইসরায়েলের চ্যানেল-১২ এর সংবাদ অনুযায়ী ইসরায়েলও সম্ভাব্য যুদ্ধের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করছে। একটি নির্ভরযোগ্য সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতি এখন বিস্ফোরণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ট্রাম্প এখন মনে করছেন যে ইরানের সঙ্গে চলমান আলোচনা কেবল সময় নষ্ট করা ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যদি যুক্তরাষ্ট্র তাদের জ্বালানি স্থাপনায় আঘাত করে তবে তারাও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের একই ধরণের স্থাপনা ধ্বংস করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এনএন/ ২ আগস্ট ২০২৬


Back to top button