তৃণমূলের ২১ জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত আদালত, বিকল্প জায়গা বাছার পরামর্শ

কলকাতা, ১৭ জুলাই – আর মাত্র চারদিন পর তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এবার সেই ২১ জুলাইয়ের সভা নিয়ে বিরক্তি প্রকাশ করল আদালত। সাধারণ মানুষের অসুবিধা হয়, এই অভিযোগ তুলে ২১ জুলাই নিয়ে একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।
মামলাকারীর দাবি ছিল, ব্যস্ত সময়ে সাধারণ মানুষের অসুবিধা হয় ওই সভার জন্য। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব’। সময় আর বেশি বাকি নেই, তাই জায়গা বদল করার কথা বলেনি আদালত। তবে আগামী বছর থেকে জায়গা বদলের কথা ভাবতে বলেছেন রাজ্যকে।
ভিক্টোরিয়া হাউসের বদলে শহিদ মিনার, বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে এই সভা করা যায় কি না, তা রাজ্যকে ভাবতে বলেছেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “আবেগ সব রাজনৈতিক দলের আছে। কতদিন ধরে সহ্য করতে হবে? বলেছি যে, রাস্তার এক তৃতীয়াংশ রাজনৈতিক দলেরা দখল করে নিয়েছে।” বিচারপতি আরও বলেন, “সকাল ১১টার পর কলকাতায় এসব করতে বলুন।”
এদিকে, ২১ জুলাই নিয়ে কলকাতা পুলিশ ইতিমধ্যেই কিছু বিজ্ঞপ্তি দিয়েছে। আগামিকাল, শুক্রবার সেই সব বিজ্ঞপ্তি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল করবে।
এদিন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা। রাজনৈতিক প্রভাবযুক্ত মামলা। কেউ ওই সভা বাতিলের কথা বলেনি।” এজি কিশোর দত্ত প্রশ্ন করেন, “এই ধরণের মামলার কারণ কী?” বিচারপতি বলেন, “ট্রাফিক একটা অন্যতম কারণ। মামলাকারী দেখিয়েছেন বিগত বছরে কীভাবে ট্রাফিকের পরিস্থিতি বদল হয়েছে।” পরবর্তীতে কিছু শর্ত দেওয়ার কথা বলেছেন বিচারপতি।
সূত্র: টিভি নাইন
এনএন/ ১৭ জুলাই ২০২৫









