জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা, ২০ আগস্ট – দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সংসদের অন্যান্য সদস্যরাও তাকে অভিনন্দন জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং ৬টি ব্যালট অব্যবহৃত ছিল। বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে ৪টি ব্যালট বিধি মোতাবেক পরিবর্তন করা হয়। ভোটগ্রহণ প্রক্রিয়ায় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালট পেপারে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

নির্বাচনে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা পর্যায়ক্রমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এনএন/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language